ফেসবুকে ‘উসকানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা এক মামলায় লেখক ও আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বনানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বিকালে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে ইমতিয়াজকে হাজির করা হয়। বিচারক তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, ২০১৭ সালে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি খাগড়াছড়ি সদর থানায় ইমতিয়াজের বিরুদ্ধে ৫৭/২ ধারায় একটি মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে ফেসবুকে ‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগ করা হয়। এ মামলায় তখন তাকে এক দফা গ্রেফতার করা হয়। পরে সুপ্রিম কোর্ট থেকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পান ইমতিয়াজ। বনানী থানার ওসি বি এম ফরমান আলী জানান, ওয়ারেন্ট থানায় এলে পুলিশ তাকে গ্রেফতার করে। আদালত সূত্র জানায়, ঢাকা বারের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান (রচি) ও সাখাওয়াত হোসেন (তাসলিম) এবং আরো কয়েকজন আইনজীবী ইমতিয়াজ মাহমুদের পক্ষে জামিন আবেদন করেন।