শেরপুরের ভূমি অফিসে পানি ঢুকে নথিপত্র বিনষ্ট
আব্দুল মান্নান, শেরপুর(বগুড়া)সংবাদদাতা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৪৬
শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের জায়গা অবৈধভাবে দখল করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কারণে স্টোররুমে পানি ঢুকে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র নষ্ট হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক আগের নির্মিত কয়েকটি কক্ষ। এই ভূমি অফিসের অধিকাংশ জায়গা অবৈধ দখলদারদের কবলে চলে গেছে। তারা সেখানে ঘরবাড়ি, দোকানপাটসহ নানা স্থাপনা নির্মাণ করেছে। মাঝখানে পড়ে থাকা এই অফিসের মেঝে ও বাইরের আঙ্গিনা প্রায় সমান ও সমতল। অবৈধ দখলদাররা চারদিকে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানি সরাসরি অফিসকক্ষে ঢুকে পড়ে। গত কয়েকদিনের বৃষ্টিতে অফিসকক্ষে ও স্টোররুমে পানি ঢুকে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এ প্রসঙ্গে মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোশাররফ হোসেন জানান, অবৈধ দখলদাররা পানি বের হওয়ার পথ বন্ধ করে দেয়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে অফিসে পানি ঢুকে অনেক কাগজপত্র ভিজে নষ্ট হয়ে গেছে। বিষয়টি তিনি শেরপুর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানিয়েছেন। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা প্রসঙ্গে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনায়েম বলেন, কর্তৃপক্ষের নীরবতার কারণে ঐ অফিসের মূল্যবান জায়গা বেদখল হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ইউনিয়ন পরিষদ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে।