সুনামগঞ্জে অস্ত্রের মামলায় ১৭ বছরের কারাদণ্ড

সুনামগঞ্জে অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে একজনকে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার বেলা ৩টায় সুনামগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মনির মিয়া জগন্নাথপুর উপজেলার কাদিপুর গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ থেকে জানা যায়, জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের কাদিপুর গ্রামের মনির মিয়াকে ২০০৪ সালের ৪ আগস্ট পুলিশ অস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগে গ্রেফতার করে। ওইদিন তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়। দীর্ঘদিন মামলার শুনানি শেষে সোমবার সুনামগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল আলম মনির মিয়াকে গোলাবারুদ রাখার অভিযোগে ৭ বছর এবং অস্ত্র রাখার অভিযোগে ১০ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।