আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত চক্র রাজপথে সক্রিয় থাকলে ভয় ছিল না। বরং ভয় ওখানেই তারা ১৫ আগস্টের মতো ঘটনা ঘটানোর গভীর চক্রান্তে লিপ্ত আছে কিনা। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের সফলতা অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও যোগ্য নেতৃত্বে সর্বক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে একটি বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন। নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণ বন্ধ করতে হবে। এই অপরাধীরা প্রকাশ্যে দিবালোকে ক্রমাগত এ ঘটনা ঘটাচ্ছে। এরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর। তাই আমি আইনমন্ত্রীকে বলবো, একাত্তরের ঘাতকদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে সবার প্রশংসা অর্জিত হয়েছে। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অপরাধীরা শাস্তি পেলে অপরাধ কমবে।
জোটের কেন্দ্রীয় সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আলোচনায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, জোটনেত্রী অভিনেত্রী তানভিন সুইটি, অভিনেতা মিজানুর মিজান প্রমুখ বক্তব্য রাখেন।