গোপালপুরে বিদ্যুতের দাবিতে হরতাল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৪৮
নজীরবিহীন বিদ্যুত্ বিভ্রাট ও লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার গোপালপুর উপজেলায় অর্ধদিবস হরতাল পালিত হয়। শিল্প ও বণিক সমিতির ডাকা এ অর্ধদিবস হরতালে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি অফিস এবং যানচলাচল বন্ধ ছিল। সকাল ১০টায় তিন সহস্রাধিক বিদ্যুত্ গ্রাহক ন্যূনতম বিদ্যুত্ সরবরাহের দাবিতে পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা ইসলাম সেখানে হাজির হয়ে গ্রাহকদের নিকট থেকে স্মারকলিপি গ্রহণ করেন। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, শিল্প ও বণিক সমিতির সম্পাদক রওশন খান আইয়ুব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক শফি তালুকদার, আওয়ামী লীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা প্রমুখ।