পানিতে ডুবে ৩ স্থানে ৫ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫২
দেশের তিন স্থানে সোমবার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক সংবাদদাতাদের।
দেবীগঞ্জ(পঞ্চগড়) \ দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জ বিলাশী গ্রামের কামরুজ্জামানের স্কুল পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী কোকিলা বেগম ৯, মঙ্গলবার বাড়ির পার্শ্বে পুকুরে পড়ে মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোকিলা পুকুরের পার্শ্বে খেলা করছিল। হঠাত্ সে পা পিছলে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) \ সোমবার মীর্জাগঞ্জ উপজেলা সদরে সুবিদখালী বালিকা বিদ্যালয় এলাকায় মোঃ ফজলুর রহমান হাওলাদারের কন্যা সুবিদখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মারুফা বেগম (৮) এবং প্রথম শ্রেণির ছাত্রী মারিয়া বেগম (৫) দুই বোন ঐ দিন বিকালে বাড়ির পাশে খেলা করার সময় পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর তাদের লাশ ঐ পুকুর থেকে সন্ধ্যায় উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় সুবিদখালী বন্দরের আব্দুল মজিদ মৃধার কন্যা মিতু (৩) বাড়ি সংলগ্ন খালের পানিতে পড়ে যায়। তাকে মীর্জাগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত্যু ঘোষণা করেন।
পাঁচবিবি (জয়পুরহাট) \ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেলখুর গ্রামের মীর শহিদের ১৬ মাসের শিশু পুত্র আরাফাত পানিতে ডুবে মারা গেছে। সোমবার ছোট ছেলেমেয়েদের সাথে খেলা করার এক পর্যায়ে বাড়ির পার্শ্বে ডোবায় পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।