কয়েকস্থানে বজ্রপাতে নিহত ৪ আহত ৩
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২০:৫৪
দেশের তিন স্থানে সোমবার বজ্রপাতে চারজন নিহত ও তিনজন আহত হয়েছে।— খবর ইত্তেফাক অফিস ও সংবাদদাতাদের।
খুলনা অফিস ও ডুমুরিয়া \ সোমবার ডুমুরিয়া উপজেলার উকড়া গ্রামে বজ্রপাতে জাহানারা বেগম ওরফে জরি বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত ও শাহীনুর বেগম (২৫) নামে অপর এক গৃহবধূ আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, দুপুরে বৃষ্টিপাতের এক পর্যায়ে বজ্রপাত ঘটে। এসময় ঘরের বারান্দায় বসে থাকা জরি বেগম নিহত ও শাহীনুরের শরীর ঝলসে যায়। নিহত জরি বেগম উকড়া গ্রামের আনোয়ার মোল্লার মেয়ে। আহত শাহীনুরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গাংনী (মেহেরপুর)
মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষ্মী নারায়ণপুর ধলা গ্রামে বজ্রপাতে আমিনুল হক ওরফে কালু হোসেন (৩৫) নামের এক কৃষক মারা গেছে। নিহত কালু হোসেন ওই গ্রামের রহমত আলীর ছেলে। সোমবার বিকেলে ধলার মাঠ নামক স্থানে এ বজ্রপাতের ঘটনাটি ঘটে।
নিহতের স্ত্রী লিপি খাতুন জানান, ঘটনার সময় ক্ষেতে কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রপাত ঘটলে কালুর সমস্ত শরীর ঝলসে যায়। স্থানীয়রা কালুকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরা তালায় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার একটার দিকে উপজেলার দধিসরা বিলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— তালা উপজেলার ভায়ড়া গ্রামের খোরশেদ বিশ্বাসের ছেলে সিদ্দিকুর রহমান (৩০) ও একই গ্রামের বাবর আলী মহলদারের ছেলে শাহাবুদ্দিন মহলদার (২৫)। এ সময় পার্শ্বে অবস্থানরত অপর মত্স্যজীবী সাত্তার বিশ্বাসের পুত্র অলিউল্লাহ (১০) গুরুতর আহত হয়।