মেডেল-সনদে আগুন এলাকায় ক্ষোভ

বাংলাদেশ নারী ফুটবলের আঁতুরঘর হিসেবে পরিচিত ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দিয়ে মেয়েদের মেডেল-সনদ পুড়িয়ে দেওয়ায় ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। তাদের ধারণা, স্কুল সরকারি করণের কাজে বাধা দিতেই আগুন দেওয়া হয়েছে। আগুনে শুধু মেয়েদের মেডেল-সনদই পোড়েনি, পুড়েছে শিক্ষক উজ্জল পাল ও আব্দুল মালেকের মূল সনদপত্রও। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলমকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা প্রশাসন বিভাগ।

এলাকাবাসী জানিয়েছেন, নারী ফুটবলারদের সৌজন্যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিদ্যালয়টি সরকারি হওয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া এই মেয়েদের সুবাদে এলাকায় বিদ্যুত্ এসেছে, রাস্তা হয়েছে। এলাকাবাসীরও রয়েছে ফুটবলার মেয়েদের প্রতি অকৃত্রিম ভালোবাসা। বর্তমানে ফুটবলার মেয়েরা ঢাকা বাফুফে ভবনে রয়েছে।

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দুর্বৃত্তরা একটি পেনড্রাইভে কম্পিউটার থেকে সবকিছু নিয়ে গেছে। রমজান শুরুর আগেই বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়। কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য স্কুলে প্রতিদিন সকালে বিশেষ ক্লাস হতো। মঙ্গলবার ভোরে বিদ্যালয়ের শিক্ষক উজ্জল পাল বিশেষ ক্লাসের জন্য স্কুলে গিয়ে দেখেন অফিস কক্ষে আগুন জ্বলছে। পরে তিনি পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি জানাজানি হলে স্কুলের অন্য শিক্ষকরাও উপস্থিত হন। যে স্কুল থেকে ফুটবলার মেয়েরা বাংলাদেশের সুনাম অর্জন করছে, সেই স্কুলে এমন একটি ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসী।