মেসির জন্য অপেক্ষা!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২১:৩৫
স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে আজ ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। তবে এই ম্যাচ ছাপিয়েও কাতালানদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল মেসির সুস্থ হয়ে ওঠা। আজ আর্জেন্টাইন এই তারকাকে নিজের ফিটনেস প্রমাণের সব রকম সুযোগই দিবে বার্সেলোনা।
গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগে ১-১ গোলের ড্র ম্যাচে থাইয়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে প্রথমার্ধের পরে মাঠ ত্যাগ করেছিলেন মেসি। এই কারণে মালাগার বিপক্ষে রবিবারের ১-০ গোলের লা লিগার অ্যাওয়ে ম্যাচেও খেলতে পারেননি এই গোল মেশিন। যদিও সোমবার বার্সেলোনার অনুশীলনের প্রায় পুরোটা সময়ই মাঠে ছিলেন এই আর্জেন্টাইন। মেসির সাথে আরো ছিলেন মালাগার বিপক্ষে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা তার সতীর্থরা। রবিবারের ম্যাচের পরে সাংবাদিকদের কাছে বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বলেছিলেন, ‘মেসির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের দুইদিন সময় লাগবে। কিন্তু আজকের যে রিপোর্ট আমার কাছে আছে তাতে আমি তার সুস্থতা নিয়ে খুশি।’
এদিকে আবারো ব্রাজিলিয়ান তারকা নেইমারকে মূল একাদশের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছেন মার্টিনো। যদিও কাতালানদের শেষ দুটি ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমেও দারুণভাবে উজ্জ্বল ছিলেন নেইমার। বিশেষ করে প্রথম লেগে এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলেই এ্যাথলেটিকোর বিপক্ষে শেষ মুহূর্তে ম্যাচে সমতা এনে ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। একইসাথে মালাগার বিপক্ষে পেড্রোর জায়গায় ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নেইমার নিজের যোগ্যতার প্রমাণ দেন। এ সম্পর্কে মার্টিনো বলেছেন, ‘নেইমার প্রতিটি মুহূর্তে উন্নতি করছে। শেষ দুটি ম্যাচে ইতোমধ্যেই তার প্রমাণ মিলেছে। লেভান্তের বিপক্ষে লিগের প্রথম ম্যাচেও সে ভাল খেলেছে। এই মুহূর্তে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না কখন তাকে দিয়ে ম্যাচ শুরু করা যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে মানসিকভাবে সে নিজেকে প্রস্তুত করে তুলেছে। যথাযথ সময়েই আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নিব।’
মেসি এবং নেইমার মূল একাদশে না থাকলেও মালাগার বিপক্ষে প্রথম একাদশ থেকে অন্তত দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্টিনো। অ্যালেক্স সং এবং আদ্রিয়ানো জায়গা করে দিতে মাঠের বাইরে চলে যাওয়া সার্জিও বুসকেটস এবং ডানি আলভেসের ফিরে আসার ইঙ্গিত পাওয়া গেছে।