শ্রমিক লীগের নেতা রায় রমেশ চন্দ্র আর নেই

জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক  ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ট্রেড ইউনিয়ন নেতা রায় রমেশ চন্দ্র (৬৮) পরলোক গমন করেছেন। গতকাল বুধবার ভোররাতে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।  তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। তার স্ত্রী ও কন্যা দেশে ফিরলে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রায় রমেশ চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর বুলগেরিয়া, ইতালি ও জাপানে ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক অর্থনীতি বিষয়ে উচ্চশিক্ষা লাভ করেন। ১৯৮০ সাল থেকে তিনি শ্রমিক আন্দোলনে সম্পৃক্ত হন।