নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আরো সাক্ষীর সাক্ষ্য

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাঁচ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে দুই পক্ষের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একই সাথে আগামী বৃহস্পতিবার নিজামীর মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার কার্যক্রম চলাকালীন আসামির কাঠগড়ায় নিজামী উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগের মামলায় ২০১০ সালের ২৯ জুনে গ্রেফতারের পর কারাগাড়ে রয়েছেন আসামি। ইকোনোমিস্টের আদালত অবমাননা বিষয়ে আদেশ ২৬ সেপ্টেম্বর এদিকে, একই ট্রাইব্যুনাল ব্রিটেনের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনোমিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন পুনর্নির্ধারণ করেছেন। যদিও গতকাল ২৭ আগস্ট আদেশের দিন ধার্য ছিল। উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ এনে গত বছরের ৬ ডিসেম্বর ইকোনোমিস্টের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক। অন্যদিকে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত সৈয়দ মো. কায়সারকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আলীমের পক্ষে দ্বিতীয় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল-২।