বিশ্বজিত্ হত্যা মামলায় চিকিত্সকসহ তিন জনের সাক্ষ্য গ্রহণ
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫২
পুরান ঢাকায় বিশ্বজিত্ দাস হত্যা মামলায় আরও তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এই নিয়ে মামলাটির ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হল। মঙ্গলবার মামলার ময়না তদন্তকারী চিকিত্সক মো. মাকসুদুল হক, দোকানী আজিজুল হাকিম ও ফেরিওয়ালা মোতালেব সাক্ষ্য দেন। তাদের সাক্ষ্য গ্রহণ করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়।
এসময় কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার অপর ১৩ আসামি এখনও পলাতক। গত ২ জুন এ মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
গত বছরের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ক্যাডারদের হাতে নির্মমভাবে খুন হন বিশ্বজিত্ দাস।