নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে জনগণের মতকে গুরুত্ব দিন
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২১:৫৩
ড. কামাল হোসেন বলেছেন, আগামী নির্বাচন কোন সরকার পদ্ধতিতে হবে তার জন্য জনগণের মতামতকে গুরুত্ব দেয়া উচিত। নির্বাচন প্রক্রিয়ার বিষয়ে জনগণকে সন্তুষ্ট হতে হবে। জাতি সেই নির্বাচন চায় যাতে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। এর জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা।
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সোমবার বসুন্ধরা সিটিতে ‘আগামী জাতীয় নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য করা সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে প্রধান বিরোধী দলসহ সবার অংশগ্রহণ নিশ্চিত না হলে নির্বাচন শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্য হবে না।
ছায়া সংসদে বিতর্কে সরকারি দল হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বিরোধী দল হিসাবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অংশ নেয়।