আবারো কষ্ট করে জিতলো রিয়াল

লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে প্রথম ম্যাচের মত এ ম্যাচেও বেশ কাঠ-খড় পুড়িয়ে জয়ের স্বাদ পেতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। গত সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে করিম বেনজামার দেয়া একমাত্র গোলে রিয়াল হারায় স্বাগতিক গ্রেনাডাকে। নিজেদের প্রথম ম্যাচে চেনা পরিবেশে খেললেও দ্বিতীয় ম্যাচটি সফরকারী হিসেবেই খেলতে হয় রিয়াল মাদ্রিদকে। তবে ম্যাচের শুরু থেকেই গ্রেনাডাকে চেপে ধরে গ্যালাকটিকোরা। ফলে কিছুটা ভড়কে যায় স্বাগতিকরা। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল আদায় করে নেয় রিয়াল মাদ্রিদ। মধ্যমাঠ থেকে বল নিয়ে সতীথ ফ্রান্সের ফরোয়ার্ড করিম বেনজামার উদ্দেশে বাড়িয়ে দেন রিয়ালের সেরা তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন বেনজামা। রোনালদোর কাছ থেকে বল পেয়ে বাঁ-পায়ের তীব্র শটে বলকে গ্রেনাডার জালে আশ্রয় দেন বেনজামা। ফলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাত্র ১০ মিনিটের মধ্যে ম্যাচে এগিয়ে যাবার পরও প্রতিপক্ষের সীমানায় আক্রমণ করা থেকে বিরত থাকেনি রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই গিয়েছিল রিয়াল। কিন্তু অফ-সাইডের কারণে তা বাতিল করে দেন রেফারি। মধ্যমাঠ থেকে হাওয়ায় ভাসিয়ে রোনালদোকে বল যোগান দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। সেই বল দক্ষতার সাথে গ্রেনাডার জালে ঠেলে দেন ‘সি আর সেভেন’। তবে রেফারির সিদ্ধান্তে ব্যবধান দ্বিগুণ করা সম্ভব হয়নি রিয়ালের। ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। এরপর দ্বিতীয়ার্ধে দ্রুতই মধ্যমাঠের দখল নিয়ে রিয়ালের ওপর চেপে বসে গ্রেনাডা। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তারা। কিন্তু রিয়ালের রক্ষণদুর্গ ভেদ করে বিপদ সীমানায় প্রবেশ করতে পারছিল না গ্রেনাডা। পক্ষান্তরে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ব্যস্ততা দেখায় রিয়াল। কিন্তু এ অর্ধে দুদলের আক্রমণগুলো সাফল্যের মুখ দেখেনি। ফলে ম্যাচের প্রথমভাগে করা রিয়ালের একমাত্র গোলেই নিষ্পত্তি হয় ম্যাচের ফল। আর তাই আবারো ঘাম ঝরানো জয় নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। তবে এমন জয়ে খুব খুশি দলের নয়া কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেন, ‘আমি খুশি। জয় সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। তিন পয়েন্ট পেয়েছি এটাই যথেষ্ট। ম্যাচের প্রথমার্ধে আমরা দারুণ ফুটবল খেলেছি। শুরুর দিকে আমরা ছন্দময় ফুটবল খেলেছি। ফলে প্রথমার্ধটা আমাদেরই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধে আমরা বেশ ঝিমিয়ে পড়ি। ফলে ম্যাচটি বড় ব্যববধান বাড়ানো সম্ভব হয়নি। তবে আমাদের মূল লক্ষ্য ছিল তিন পয়েন্ট অর্জন করা। তা আমরা করতে পেরেছি। তাই আমি খুশি।’ এই জয়ে প্রথম দুটি ম্যাচ থেকে পূর্ণ ছয় সংগ্রহ করলো রিয়াল মাদ্রিদ। একই অবস্থানে আছে আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনাও। দুটি ম্যাচ খেলে তাদের পয়েন্টও ছয়।