বিশ্রামে পাঁচ সিনিয়র ইংলিশ ক্রিকেটার

অনেকদিন ধরে টানা ক্রিকেটের মধ্যে আছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। আবার সামনে অপেক্ষা করছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ। তাই ইংল্যান্ডের ক্রিকেট কর্মকর্তারা চাচ্ছেন না কোনোভাবেই এই গুরুত্বপূর্ণ সিরিজগুলো, বিশেষ করে নভেম্বরের অস্ট্রেলিয়া সফর তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা মিস করুক। এজন্যই এবারের অ্যাশেজ জয়ী দলের গুরুত্বপূর্ণ পাঁচ ক্রিকেটারকে আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। এই বিশ্রাম পাওয়াদের মধ্যে আছেন স্বয়ং অধিনায়ক অ্যালিস্টার কুকও। কুক ছাড়াও বিশ্রামে যাওয়া ক্রিকেটাররা হলেন জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, গ্রাহেম সোয়ান এবং স্টুয়ার্ট ব্রড। কুকের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন আইরিশ তারকা এউইন মর্গান। এহেন পরীক্ষা- নিরীক্ষার কারণে কপাল খুলছে বেশ কয়েকজনের। ইংল্যান্ড লায়ন্সের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে এবং কাউন্টি ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে সুযোগ হচ্ছে তরুণ কয়েকজন ক্রিকেটারের। লুক রাইট, বয়েড র্যানকিন সুযোগ পাচ্ছেন জাতীয় দলে। এছাড়া ইংল্যান্ডের হয়ে রঙিন জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন মাইকেল কারবেরি, ক্রিস জর্ডান এবং জেমি ওভারটন। অতিরিক্ত ক্রিকেটই গুরুত্বপূর্ণ এই পাঁচ ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার বিপক্ষের ওয়ানডে সিরিজের বাইরে রাখার কারণ বলে জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের নির্বাচক জিওফ মিলার, ‘গত তিন মাসে আমাদের ক্রিকেটাররা অনেক চাপের মধ্য দিয়ে গেছে। এজন্যই আমরা সিনিয়র ক্রিকেটারদেরকে এই সাময়িক বিরতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করছি, এই বিরতি তাদেরকে নভেম্বরের অস্ট্রেলিয়া সফরের আগে অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করবে।’