বিএনপি ও ড. ইউনূসের বক্তব্য একই সূত্রে গাঁথা :তোফায়েল
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৫
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ এম.পি বলেছেন, যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বর্তমান সরকার মেয়াদ শেষে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে রাষ্ট্রের দৈনন্দিন কাজ পরিচালনা করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। মওদুদ সাহেবরা যতই আন্দোলনের যুজুর ভয় দেখান, তাতে কোন লাভ হবে না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে চাইলে সংসদে এসে বলতে হবে। অন্তর্বর্তীকালিন সরকার নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের একমাত্র হাতিয়ার হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে জনগণকে বিভ্রান্ত করা। তিনি ড. ইউনূসের সামপ্রতিক বক্তব্য প্রসঙ্গে বলেন, বিএনপি ও ড. মো. ইউনূসের বক্তব্য একই সূত্রে গাঁথা। হঠাত্ করে তিনি রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করেছেন। ২০০৬ সালে তিনি বলেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অধীনে নির্বাচন হতে পারে। এখন বলছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তিনি ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল গঠন করতে চেয়েও পারেননি। বর্তমানে আওয়ামী লীগের বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র চলছে।
তোফায়েল আহমেদ গতকাল মঙ্গলবার ভোলা টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দানকালে এসব কথা বলেন। এডিসি মো. আবু সাঈদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী ফাউন্ডেশনের মহা-পরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ অন্য নেতৃবৃন্দ।