আসামে দাঙ্গার চেষ্টা করলে আবারো কঠোর ব্যবস্থা :মুখ্যমন্ত্রী

ভারতের আসাম রাজ্যের কয়েকটি মন্দিরে খাসির মাংস রেখে গরুর মাংসের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টাকারীদের উদ্দেশে রাজ্যটির মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ বলেছেন, সোমবার যেভাবে কঠোরভাবে পুলিশ দাঙ্গাবাজদের দমন করেছে একইভাবে তাদের দমন করা হবে যদি ফের তারা এই অপচেষ্টা চালায়। রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার পেছনে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) দায়ি বলে মন্তব্য করেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়া ও টিএনএনের। রবিবার রাতে কে বা কারা তিনটি মন্দিরের ভেতর এক খন্ড করে মাংস রেখে আসে। এরপর গুজব ছড়ানো হয় মন্দিরে গরুর মাংস রাখা হয়েছে। এই গুজবে বিক্ষুব্ধ লোকজন রাজপথে নেমে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ শুরু করে। ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। পরে সিআরপিএফ জওয়ানদের নামানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার উপক্রম হলে পুলিশ গুলিবর্ষণ করে। এতে ৩০ জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে ৬ পুলিশও গুরুতর আহত হয়। ঘটনার পর থেকে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়। এই ঘটনার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়। চাচাড়ের জেলা প্রশাসক গোকুল মোহন বলেন, তদন্তে প্রমাণিত হয়েছে মন্দিরগুলোতে খাসির মাংস রাখা হয়েছিল, গরুর মাংস নয়। তবে মন্দিরের ভিতর মাংস কিভাবে পৌঁছালো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এ প্রসঙ্গে গতকাল আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ বলেন, ধর্মের আবরণে যারাই আসামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আসবে তাদের বিরুদ্ধে সোমবারের মতো কঠোর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। তিনি আরো বলেন, খাসির মাংসের খন্ডকে গরুর মাংস হিসেবে প্রচার করে দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে ভিএইচপি। তাদের স্মরণ রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে তাদের রাজনৈতিক খেলায় নামতে দেয়া হবে না। নরেন্দ্র মোদির ‘ম্যাজিক’ তার রাজ্যে দেখানো যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি বিজেপির উদ্দেশেও একই জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করেন।