চোরেও শোনে ধর্মের কাহিনী!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২২:৪৬
বাংলায় প্রবাদ আছে, চোর না শোনে ধর্মের কাহিনী। কিন্তু চোরও ধর্মের কাহিনী শোনে। আর এর প্রমাণ দিয়েছেন জার্মানের এক নাগরিক। গির্জা থেকে বাইবেল চুরি করে ৪২ বছর পর ফেরত দিয়েছে ওই ব্যক্তি। ১৯৭১ সালে লন্ডনের ইস্ট সাসেক্স গির্জা থেকে বাইবেলটি চুরি হয়েছিল।
লন্ডনের হ্যাস্টিংস শহরে অবস্থিত ট্রিনিটি গির্জায় এই ঘটনা ঘটে। গির্জাটির কোষাধ্যক্ষ সাইমন স্কট বলেন, এক জার্মান নাগরিক ৪২ বছর আগে দুইশো বছরের পুরানো বাইবেলটি নিয়ে যায়। তিনি সস্ত্রীক সাসেক্স শহরে আসেন ইংরেজী ভাষায় দক্ষতা বাড়ানোর কোর্স করার জন্য। গির্জার পাশেই ওই কোর্স করানো হতো। কোর্সটি ছিল অত্যন্ত ব্যয়বহুল। একারণে তিনি কোর্স বাদ দিয়ে ভাষা রপ্ত করতে বাইবেলটি বাড়িতে নিয়ে যান। কিন্তু পরে সেটি আর ফেরত দেননি। সমপ্রতি সাইমন স্কট ওই চোরের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। চিঠিতে লেখা আছে, এতদিন পর বাইবেলটির কাহিনী জানার পর আমার স্ত্রী খুব রাগ করেছে। তাছাড়া আমি নিজেও একাজের জন্য অপরাধবোধ করছি। খুব অল্প সময়ের মধ্যে বাইবেলটি আমি ফেরত দিচ্ছি। তারপর একটি বাক্সে করে বাইবেলটি ফেরত পাঠানো হয়। -ইউপিআই।