সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁওয়ের মেঘনা নদীর হাড়িয়া, গোবিন্দি, সোনামুই, নুনেরটেক আনন্দবাজার এলাকায় ইজারা ছাড়া দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। প্রতিদিন ৩০-৩৫টি শক্তিশালী ড্রেজার বসিয়ে নদীর তীরবর্তী স্থান ও কৃষিজমির কাছ থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে তারা। ক্রমাগত বালু উত্তোলনের কারণে এই এলাকায় ভাঙনের তীব্রতাও বেড়ে গেছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেওয়া রয়েছে। এদিকে বুধবার সকালে সোনারগাঁ থানা পুলিশ অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. শাকিল, রুহুল আমিন, রবিউল ইসলাম, আনোয়ার, হাফিজ নামে ৫ জনকে আটক করে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন —ইত্তেফাক