গ্রামীণ সুইটসের সেমাইয়ে পঁচা বাদাম, মেয়াদোর্ত্তীণ ময়দা

রাজধানীতে গ্রামীণ সুইটস মেয়াদোত্তীর্ণ ময়দা ও পঁচা বাদাম ব্যবহার করে সেমাই তৈরি করছিল। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সরাসরি ধরা পড়ে। এ অপরাধে গ্রামীণ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় গ্রামীণ সুইটসসহ সাত প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফরোজা রহমান ও আতিয়া সুলতানা।

সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ময়দা ও পচা বাদাম দিয়ে সেমাই তৈরির অপরাধে গ্রামীণ সুইটমিটকে ৫০ হাজার টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে রিফাত ব্রেডকে ৫০ হাজার টাকা, ক্যাফে জান্নাত রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, ডায়মন্ড সুইটসকে ১০ হাজার টাকা, মক্কা-মদিনা স্টোরকে ৫ হাজার টাকা, ভাতিজার গোশতের দোকানকে ৩ হাজার টাকা, সিয়াম স্টোরকে ৫ হাজার টাকা ও মেহের জেনারেল স্টোরকে ৫ হাজার টাকাসহ আট প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর (এপিবিএন) সদস্যরা।

এছাড়াও রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত বাবুর্চি ও কড়াই গোস্ত রেষ্টুরেন্টে বাসি ইফতার বিক্রির  অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই দিন রাজধানীর কারওয়ান বাজারের মাছের দোকানগুলোতে তদারকি করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় দোকানে মাছের মূল্য তালিকা না টানানোর অপরাধে শহীদের মাছের দোকান, মহিউদ্দিনের মাছের দোকান ও ইউসুফের মাছের দোকানকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জে ২ টন পচাগলা 

খেজুর জব্দ, আটক ২

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান,দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্ত্যপাড়া ও চরকালিগঞ্জ এলাকায় বুধবার ভেজালবিরোধী অভিযান চালিয়েছেন র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গতকাল দিনভর এ অভিযানে বিক্রয় নিষিদ্ধ মেয়াদোত্তীর্ণ পচাগলা দুই টন খেজুর জব্দ করেছেন র্যাব-১০ সদস্যরা। এসময় তারা পচা খেজুর বিক্রির দায়ে জহিরুল ইসলাম (৩৫) ও মানহীন আইসক্রীম বিক্রির দায়ে সোনিয়া আইসক্রীম ফ্যাক্টরির মালিক বোরহান মুন্সীকে (৪৫) আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন আসামি জহিরুলকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বোরহান মুন্সীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেএলিদ মাইনুল আমিন বলেন, জব্দ করা এই মেয়াদোত্তীর্ণ পচা খেজুর জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পবিত্র মাহে রমজানে ধর্মপ্রাণ রোজাদারগণ খেজুর দিয়ে ইফতার করে থাকেন। তাই প্রতিবছর রমজান এলেই খেজুরের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার আশায়  এ ধরনের মানহীন পণ্য বিক্রিতে মেতে ওঠেন যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এই অসাধু ব্যবসায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা প্রয়োজন।