আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমের ৭ দিনের রিমান্ড মঞ্জুর
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৫
উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ব্লগার রাজীব হত্যা মামলায় গত ১৫ আগস্ট রাহমানীকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মাইনুদ্দিন আসামিকে রিমান্ডে নিয়ে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করেন। আদালতে প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক মোকছেদ আলী রিমান্ড শুনানিতে বলেন, এ মামলায় গ্রেফতার অপর আসামিরা তাদের জবানবন্দিতে বলেছেন, জসীম উদ্দিনের পরিকল্পনাতেই ব্লগার রাজীবকে হত্যা করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে হত্যার রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ আসামির উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন। এ মামলায় এখন পর্যন্ত মুফতি জসীম উদ্দিনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছে।
গণজাগরণ মঞ্চের কর্মী ও স্থপতি আহমেদ রাজীব হায়দারকে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৩১ জন গত ১২ আগস্ট বরগুনায় গ্রেফতার হন।