মুম্বাইয়ে গণধর্ষণ :এক ধর্ষকের সঙ্গে পুলিশের ৮০ বার ফোনকল!
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ২২:৫৬
মুম্বাইয়ে তরুণী ফটো-সাংবাদিক গণধর্ষনের ঘটনায় অভিযুক্ত সব আসামি গ্রেফতার হয়েছে। কিন্তু অন্যতম অভিযুক্ত ধর্ষক কাসিম মোহাম্মদ বাঙ্গালির ফোনকলের রেকর্ড পরীক্ষা করে মুম্বাইয়ের অপরাধ শাখার কর্মকর্তাদের চোখ ছানাবড়া হয়ে গেছে!
তারা দেখেন পাষণ্ড ধর্ষক কাসিমের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার ৮০ বার ফোনে কথোপকথন হয়েছে! ওই পুলিশ কর্মকর্তার নাম সেলিম মুজাওয়ার। এখন ওই পুলিশের বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে অপরাধ শাখা। ফোনকলের রেকর্ড পরীক্ষা করে দেখা গেছে, ধর্ষনের ঘটনার পর ওই পুলিশই ধর্ষক কাসিমকে আগে ফোন করেছিলেন! ধারনা করা হচ্ছে কাসিম যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুইদিন লুকিয়ে থাকতে পেরেছিল তার পেছনেও সেলিম দায়ী। তিনিই হয়তো কাসিমকে গ্রেফতার অভিযানের খবর তাকে আগেভাগে জানিয়ে দিতেন। এই তথ্য ফাঁস হবার পর মুম্বাই পুলিশ প্রশাসন চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কারণ এই ধর্ষনের ঘটনা ভারত ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তোলপাড় ও নিন্দার ঝড় তুলেছে। পুলিশের সঙ্গে অপরাধীর সখ্য তাই তাদের ভাবিয়ে তুলেছে। -এনডিটিভি