৫ তরুণের কণ্ঠে ‘হারানো দিনের গান’

‘হারানো দিনে মত হারিয়ে গেছ তুমি’, ‘তখন তোমার একুশ বছর বোধহয়, আমি তখন অষ্টাদশী’, ‘দুটি মন আজ নেই দুজনার’, ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’, ‘তুমি আর নেই সে তুমি’, ‘পথের ক্লান্তি ভুলে স্নেহভরা কোলে’, ‘কী লিখি তোমায়’—এমনই জনপ্রিয় সব হারানো দিনের গানের জমজমাট আসর বসেছিল গত ২৫ আগস্ট নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে। পাঁচ তরুণের কণ্ঠে ‘হারানো দিনের গান’ শিরোনামের এ অনুষ্ঠানের আয়োজন করে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’। সহযোগিতায় ছিল ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম। এতে একক পরিবেশনায় অংশগ্রহণ করেন তারুণ্যের উচ্ছ্বাসের পাঁচজন তরুণ শিল্পী সুনন্দা রায়, বৈশাখী নাথ, রুবেল চৌধুরী, আল তুষি এবং শ্রাবণী দাশগুপ্তা। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অনুষ্ঠান শুরু হয় সুনন্দা রায়ের কণ্ঠে সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘এ শুধু গাানের দিন, এ লগন গান শোনাবার’ গানটির মধ্য দিয়ে। এরপর আল তুষি পরিবেশন করেন সাবিনা ইয়াসমিনের ‘শুধু গান গেয়ে পরিচয়’। অনুষ্ঠানের প্রথম পর্বে এই শিল্পীদ্বয় পরিবেশন করেন ‘ময়ূরকণ্ঠী রাতের নীলে’, ‘চোখেতে অনেক ছবি’, ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’, ‘ইশারায় শিষ দিয়ে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’সহ প্রায় দশটি গান। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি জিন্নাহ চৌধুরী। এর পরপরই দ্বিতীয় পর্বে একক পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন শিল্পী বৈশাখী নাথ, রুবেল চৌধুরী এবং শ্রাবণী দাশগুপ্তা। শিল্পীরা একে একে পরিবেশন করেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মুঙ্গেশকর, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, চিত্রা সিং, রুনা লায়লা, কিশোর কুমার, শচীন দেববর্মনসহ কিংবদন্তিতুল্য শিল্পীদের গাওয়া ‘নিঝুম সন্ধ্যায়’, ‘দুটি মন আজ নেই দুজনার’, ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’, ‘ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘হয়তো তোমারই জন্য’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যে কথা বলার ছিল বলা হলো না’, ‘মনেরও রঙে রাঙাবো’সহ প্রায় পনেরটি জনপ্রিয় হারানো দিনের গান। চমত্কার এ আয়োজনটির পরিকল্পনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য সংগীতশিল্পী শাওন সরকার। ব্যবস্থাপনায় ছিলেন মিঠু তলাপাত্র। যন্ত্রসংগীতে তবলায় ছিলেন রুবেল বড়ুয়া, কী-বোর্ডে নিখিলেশ বড়ুয়া, গিটারে নাহিদুজ্জামান নাহিদ ও রাজীব ঘোষ এবং পারকিউশনে বিপ্লব। অনুষ্ঠান সঞ্চলনা করেন আবৃত্তিশিল্পী মো. মুজাহিদুল ইসলাম এবং শামীমা ইয়াসমীন শিলা।