ঈদের আগেই শ্রমিকদের মজুরি এবং ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। প্রয়োজনে একটি কমিটি করার মাধ্যমে কৃষক-শ্রমিকদের অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন নুর। মানববন্ধনে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
নুরুল হক নুর আরো বলেন, যাদের উত্পাদিত পণ্য খেয়ে বেঁচে আছি তাদের সঠিক মূল্য আমরা দিতে পারছি না। মন্ত্রীরা বক্তব্য দিচ্ছেন ধান বেশি হওয়ায় দাম কমে যাচ্ছে। অথচ চালের দাম ঠিকই বেশি। চালকল মালিকরা পরিকল্পিতভাবে মূল্য কমিয়ে দিয়েছে। সরকারের এ ক্ষেত্রে কোনো নজরদারি নেই।
তিনি আরো বলেন, খুলনায় পাটকল শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে আন্দোলন করছেন। সেখানে সরকার বাধা দিয়েছে। আমরা কৃষকসহ সকল শ্রমিক, মেহনতি মানুষের পাশে আছি। প্রয়োজনে তাদের অধিকার রক্ষায় পাশে থাকব। এজন্য প্রয়োজনে লংমার্চ করা হবে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, আমি ছাত্র, আমি কৃষক পরিবারের সন্তান। এক মণ ধানের দাম ৪৫০-৫০০ টাকা। এই ধান থেকে চাল হয় ১২০০ টাকার। ৭০০ টাকা তারা খেয়ে ফেলছে। সিন্ডিকেট এই টাকা মেরে দিচ্ছে। ন্যায্য মূল্য না পাওয়ার দায় রাষ্ট্রের।