এবার ভিন্নরূপে

কারিনা কাপুরকে সব সময়ই আগলে রাখতে চান স্বামী বলিউডের ছোটে নবাব হিসেবে খ্যাত অভিনেতা সাইফ আলি খান। কারিনাকে অনেক ভালোবাসেন সাইফ। স্ত্রীর প্রতি প্রগাঢ় ভালোবাসা অনেকাংশেই তাকে অতি রক্ষণশীল স্বামীতে পরিণত করেছে। সেই ভালোবাসা বা রক্ষণশীলতা থেকেই ‘সত্যগ্রহ’ ছবির শুটিংয়ের সময় কারিনাকে সতর্ক করে দিয়েছিলেন সাইফ। প্রখ্যাত চিত্রনির্মাতা প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যগ্রহ’ ছবিতে কারিনা কাপুর একজন আন্তর্জাতিক টিভি সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। অকুতোভয় স্বভাবের তেজি মনোভাবের এই সাংবাদিক তার টিভি রিপোর্টিং কাজে ভীষণভাবে সিরিয়াস। তুখোড় এই নারী সাংবাদিকের চরিত্রটি কারিনা কাপুরের জন্য নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ ছিল। কারণ এর আগে প্রেমিকা, স্ত্রী, পতিতা, সিনেমার জনপ্রিয় তারকা অভিনেত্রী প্রভৃতি চরিত্রে সু-অভিনয়ের প্রমাণ দিয়েছেন কাপুর খান্দানের এই মেয়েটি। নারী সাংবাদিক চরিত্রে তার কাজ করা হয়নি কোনো ছবিতে। প্রকাশ ঝার ছবি মানেই সামাজিক রাজনৈতিক জটিল বিষয়। আর তা ফুটিয়ে তোলার ক্ষেত্রে তিনি অনেকটা আপসহীন। তার ‘রাজনীতি’, ‘আরক্ষণ’ প্রভৃতি ছবিতেই তার প্রমাণ মেলে। প্রকাশ ঝা তার ছবির সব অভিনয় শিল্পীদের কাছ থেকে যথার্থ অভিনয় আদায় করে নিতে কোনোভাবেই ছাড় দেন না। তার ‘সত্যগ্রহ’ ছবিতে সমকালীন ভারতীয় সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরার চেষ্টা রয়েছে। প্রখ্যাত সমাজ সংস্কারবাদী নেতা আন্না হাজারের সামাজিক আন্দোলনের বিষয় ‘সত্যগ্রহ’ ছবিতে উঠে এসেছে। এখানে আন্না হাজারের আদলে একটি চরিত্র রয়েছে, যাতে রূপদান করেছেন শতাব্দীর সেরা সুপারস্টার অমিতাভ বচ্চন। এ ছবিতে আরও আছেন অজয় দেবগণ, অর্জুন রামপাল, মনোজ বাজপেয়ী, অমৃতা রাওয়ের মতো একঝাঁক তারকা শিল্পী। সবার সঙ্গে পাল্লা দিয়ে ভালো অভিনয় করতে হয়েছে কারিনাকে ‘সত্যগ্রহ’ ছবিতে। এ ছবিতে অভিনয়ের বিষয়ে কারিনাকে বিশেষভাবে সতর্ক করেন স্বামী সাইফ। প্রকাশের ‘আরক্ষণ’ ছবিতে অভিনয় করেছিলেন সাইফ। আর প্রকাশ ঝার মতো একজন ঝানু নির্মাতার সিনেমায় কাজ করার অভিজ্ঞতা থেকেই সাইফ জানেন, কী পরিমাণ কঠিন পরিশ্রম করতে হয় তার ছবিগুলোতে প্রত্যেক শিল্পী কলাকুশলীকে। মনমতো সঠিক অভিনয় না পাওয়া পর্যন্ত একজন অভিনেতাকে কতটুকু চাপ দিতে পারেন প্রকাশ তা ভালোভাবেই জানেন সাইফ। কারিনা যেন সেই চাপ গ্রহণ করতে পারেন, সে ব্যাপারে সতর্ক করেছিলেন তিনি। স্বামী সাইফের সতর্কবার্তা কারিনা যে ভালোভাবেই গ্রহণ করেছিলেন তা বোঝা গেছে। ‘সত্যগ্রহ’ ছবিতে কারিনার অভিনয়ে ভীষণভাবে সন্তুষ্ট পরিচালক প্রকাশ ঝা। এ ছবিতে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন প্রকাশ ঝা। এখানে কারিনা অভিনীত চরিত্রটির নাম ইয়াসমিন আহমেদ। অজয় দেবগণের বিপরীতে তাকে দেখা যাবে এ ছবিতে। গতানুগতিক রোমান্টিক নায়িকা চরিত্রের বাইরে ভিন্ন আঙ্গিকের সাহসী কিন্তু স্বভাবে রাগী টাইপের টিভি সাংবাদিকের চরিত্রটি রূপায়নে কারিনা নিজেও বেশ সিরিয়াস ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টিভি রির্পোটার সিএনএন-এর প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ও সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোরের বাস্তবজীবনের আলোকে ‘সত্যগ্রহ’ ছবির ইয়াসমিন আহমেদ চরিত্রটি তৈরি করা হয়েছে। চরিত্রানুযায়ী গেটআপ ও লুক ঠিক করার জন্য এ ছবির শুটিং শুরুর আগে নিজের স্টাইলিস্টকে সঙ্গে নিয়ে দুবাই গিয়েছিলেন কারিনা। তাই দর্শক ‘সত্যগ্রহ’ ছবিতে ভিন্ন এক কারিনাকে দেখতে পাবেন তাতে কোনো সন্দেহ নেই। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘এক ম্যায় আউর এক তু’, ‘এজেন্ট বিনোদ’, ‘হিরোইন’ ও ‘তালাশ’ ছবিতে নায়িকা চরিত্রে তাকে দেখা গেছে। ‘তালাশ’ ছবির নয় মাস পর মুক্তি পাচ্ছে ‘সত্যগ্রহ’ ছবিটি। গত বছর মুক্তিপ্রাপ্ত চারটি ছবিতেই কৃতিত্বের স্বীকৃতি পুরস্কারও ঝুলিতে পুরতে পারেননি। সব মিলিয়ে গত বছরটা তার তেমন ভালো যায়নি। তবে ব্যক্তিজীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন, প্রেমিক সাইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন গত বছরে। ‘ছোটে নবাব’ সাইফ আলি খানের বেগম হিসেবে কারিনার দাম্পত্যজীবন বেশ ভালোভাবেই কাটছে। শ্বশুর বাড়িতে নিজেকে ভালোভাবেই মানিয়ে নিয়েছেনও। নায়িকা চরিত্রের পাশাপাশি মাঝে মাঝে কিছু ছবিতে আইটেম সঙে পারফর্ম করে কারিনা তার বাণিজ্যিক ইমেজটাও অক্ষুণ্ন রেখেছেন। এখন ইমরান খানের বিপরীতে ‘গৌরি তেরে পেয়ার মে’ ছবিতে অভিনয় করছেন। যা এ বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে একতা কাপুর-করণ জোহরের যৌথ প্রযোজনায় ‘বেত্তমিজ দিল’ ছবিতে প্রথমবারের মতো বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কারিনা। ওদিকে স্বামী সাইফ আলি খানের বিপরীতে আবার জুটি বেঁধে অভিনয় করবেন তিনি ‘হ্যাপি এনডিং’ ছবিতে। এ পর্যন্ত সাইফের সঙ্গে যতগুলো ছবি করেছেন কারিনা তার কোনোটিই দর্শক গ্রহণ করেনি। তারপরেও সাইফ-কারিনা আবার পর্দায় জুটিবদ্ধ হচ্ছেন। ওদিকে দীর্ঘ দশ বছর পর আবার হূত্বিক রোশনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন কারিনা। ‘অগ্নিপথ’ রিমেক খ্যাত পরিচালক করণ মালহোত্রার আগামী ছবি ‘শুদ্ধি’তে হূত্বিক-কারিনা জুটিকে আবার দেখা যাবে। সব মিলিয়ে বিভিন্ন ছবির কাজ নিয়ে বেশ ভালোই ব্যস্ত রয়েছেন কারিনা। বিয়ের পর অনেক অভিনেত্রীর স্বামী স্ত্রীকে ছবিতে অভিনয়ে বাধা দেন। বলিউড তেমন অনেক উদাহরণ রয়েছে। কারিনা কাপুর এ ক্ষেত্রে সৌভাগ্যবতী বলা যায়। কারিনাকে বিভিন্ন নায়কের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ে কোনোভাবেই বাঁধ সাধছেন না স্বামী সাইফ আলি খান। তিনি নিজেও বলিউডের সব সুন্দরী নায়িকাদের সঙ্গে চুটিয়ে অভিনয় করছেন বিভিন্ন ছবিতে।