খোঁজখবর
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ১৯:৫৬
এই প্রথম
আজ থেকে পনেরো বছর আগে এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা তার বাবা-মায়ের সাথে প্রথম দেশের বাইরে বেড়াতে যান ভারতে। তবে একজন কণ্ঠশিল্পী হিসেবে কোনো শো’তে আমন্ত্রিত হয়ে দেশের বাইরে প্রথম যান ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সময় মা’কে খুব মিস করেন কনা। তখনই কনা স্বপ্ন দেখেন, মাকে সঙ্গে নিয়ে একবার হলেও যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াবেন। আট বছর পর কনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। গত ২৮ আগস্ট ভোরের ফ্লাইটে মাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান কনা। কনা বলেন, ‘ভীষণ ভালো লাগছে, মাকে সঙ্গে নিয়ে এবারই প্রথম আমেরিকা যাচ্ছি। চেষ্টা করব মাকে তার ইচ্ছেমতো বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর।’ মূলত কনা এবারের ফোবানা সম্মেলনে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। ১৫ দিন পর কনা ও তার মা ঢাকায় ফিরবেন। ঈদের পূর্ববর্তী এই সময়ে দেশ ছাড়ার আগে কনা বলেন, ‘অনেক রেকর্ডিংয়ের কাজ ফেলে যাচ্ছি। তাই খুব বেশিদিন মাকে নিয়ে ঘুরে বেড়ানোর সময় পাচ্ছি না। দেশে ফিরে পুরো ব্যস্ত সময় পার করতে হবে।’
মুক্তির অপেক্ষায়
আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক কায়েস আরজুর নতুন ছবি। হানিফ রেজা মিলন পরিচালিত এ ছবিটির নাম ‘মন তোর জন্য পাগল’। দীর্ঘদিন পর নিজের অভিনীত ছবি মুক্তি নিয়ে আরজু বলেন, ‘সত্যি বলতে ছবি মুক্তি পাচ্ছে এজন্য তো আলাদা টেনশন রয়েছেই। তারচেয়েও বেশি টেনশন হচ্ছে ‘মন তোর জন্য পাগল’ ছবির টাইটেল সংটি নিয়ে। কারণ এই গানটি আমার লেখা এবং সুর করা। গানটি নিয়ে আমার অনেক স্বপ্ন। গেয়েছেন এ্যান্ড্রু কিশোর ও কনকচাঁপা। দুজনই অসাধারণ গেয়েছেন। এই গানটি নিয়েই যেন আমার আগ্রহ একটু বেশি।’ আরজু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে আবুল খায়ের বুলবুল পরিচালিত ‘অবুঝ প্রেম’। বর্তমানে শুটিং চলছে সাইফ চন্দন পরিচালিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। এই ছবিতে তার বিপরীতে আছেন আইরিন। আরজু শেষ করেছেন আইরিনের সাথে ‘সেই তুমি’ ছবির কাজ।
ঈদে ছয় পর্বের নাটক
আসছে ঈদে সময়েরর ব্যস্ততম নাট্যনির্মাতা হিমু আকরাম ছয় পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করছেন। ‘নায়ক ইস্কান্দার খান’ নামের এই নাটকে অভিনয় করছেন জাহিদ হাসান, ডা. এজাজ, সিদ্দিকুর রহমান, আরফান আহমেদ, মম, নওশীন, মৌসুমী হামিদ, নাফিজা, অহনাসহ আরও অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, ইস্কান্দার খান অনেক বড় নায়ক। মিডিয়ায় তার দাপট অনেক বেশি। অনেক ডিরেক্টর মাসের পর মাস ঘুরেও তার সিডিউল পান না। কিন্তু সিডিউল পান ডিরেক্টর জগলুল হুদা। নতুন ডিরেক্টর হলেও জগলুল ইস্কান্দার খানকে নিয়ে বান্দরবান যান স্বপ্নের কাজের জন্য। এরপর ঘটে নানা ঘটনা।’ ‘নায়ক ইস্কান্দার খান’ নামের নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।
নয় বছর পর
দীর্ঘ নয় বছর পর বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে গিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ২০০০ সালের লাক্স আনন্দ ধারা চ্যাম্পিয়ন তারকা মিলা হোসেন। বিজ্ঞাপন নির্মাতা রানা মাসুদের নির্দেশনায় ‘ডরিও বিস্কুট’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি। সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। নয় বছর আগে সজলের সাথে ফুজির একটি পণ্যের বিজ্ঞাপনে সর্বশেষ মডেল হিসেবে কাজ করেছিলেন মিলা। সাম্প্রতিক বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে মিলা বলেন, ‘স্ক্রিপ্টটি অসাধারণ। এতে আমার কো-মডেল হিসেবে আছে সবার প্রিয় ক্ষুদে মডেল তারকা অহনা।’ মিলা আরও জানান, নিউইয়র্কে একটি শপিং মলের বিজ্ঞাপনে কয়েক মাস আগে কাজ করেছেন নোবেলের বিপরীত। শুধু বিজ্ঞাপনেই নয়, মিলা কৌশিক শংকর দাশ ও মাহফুজ আহমেদের নির্দেশনায় এবার দুটি নাটকেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।
নতুন বিজ্ঞাপনচিত্রে নাফিজা
পাঁচ বছর পর একটি পণ্যের মডেল হিসেবে কাজ করলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী নাফিজা। গত ঈদের পরদিনই ঢাকার বিভিন্ন লোকেশনে এই বিজ্ঞাপনের শুটিং হয়েছে। ‘ফুওয়াং’-এর একটি পণ্যের বিজ্ঞাপনে আনিসুজ্জামানের নির্দেশনায় মডেল হিসেবে কাজ করেছেন নাফিজা। বিজ্ঞাপনচিত্রটি প্রসঙ্গে নাফিজা বলেন, ‘প্রায় পাঁচ বছর আগে অমিতাভ রেজার নির্দেশনায় পিউর-এর একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। এরপর অনেক বিজ্ঞাপনেই কাজ করার অফার পেয়েছি। কিন্তু ব্যাটে বলে মিলেনি। ‘ফুওয়াং’ পণ্যের বিজ্ঞাপনের কনসেপ্ট যেমন ভালো লেগেছে ঠিক তেমনি আমার চরিত্রটিও ভালো লাগার মতো। আশা করি সবার ভালোই লাগবে।’ খুব শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে। নাফিজা লাক্স সুন্দরী হিসেবে নির্বাচিত হওয়ার পরপরই প্রথম বিজ্ঞাপন করেন গাজী শুভ্রর নির্দেশনায় ‘সিটিসেল’-এর। এরপর আরও বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এদিকে গত সোমবার ভোরের ফ্লাইটে নাফিজা থাইল্যান্ডে গেছেন ফারুক হোসেন রচিত ও মোস্তফা কামাল রাজ পরিচালিত দুটি খণ্ড নাটকের শুটিংয়ে।