গাজীপুরে বাস চাপায় বেকারি পণ্য বিক্রেতা নিহত

বুধবার সকালে গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রভাতী বনশ্রী পরিবহনের বাস চাপায় আনোয়ার হোসেন (৩২) নামে এক বেকারি পণ্য বিক্রেতা নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন ভবানীপুর মাইজপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি স্থানীয় দয়াল বেকারি নামক একটি খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের পণ্য বিক্রেতা ছিলেন। নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই চান মিয়া জানান, ঘটনার পর বাস বা এর চালককে আটক করা যায়নি।

গার্মেন্টসের নারী শ্রমিককে মারধর করায় বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় অলওয়েদার ফ্যাশন লিমিটেড নামক একটি গার্মেন্টসের নারী শ্রমিককে মারধরের প্রতিবাদে বুধবার সকাল থেকে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করেন। পুলিশ ও শ্রমিকরা জানান, শ্রমিক নাছিমাসহ কয়েকজন বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার উত্পাদন কর্মকর্তা জাকির হোসেনের কাছে গেলে ওই কর্মকর্তা আগামী ২০ মে তারিখের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানান। এক পর্যায়ে বেতন পরিশোধের সুনির্দিষ্ট তারিখ জানতে চান শ্রমিকরা। এ সময় ক্ষিপ্ত হয়ে ওই কর্মকর্তা শ্রমিক নাছিমাকে মারধর করেন।