দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরগুনা পাসপোর্ট অফিসে এক দালালকে আটক করে জরিমানা আদায় করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। দুদকের পটুয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম গতকাল বুধবার অভিযান চালিয়ে ওই দালালকে আটক করে। এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্বামীবাগ শাখায় অভিযান চালিয়েছে দুদকের অপর একটি টিম।দুদক জানায়, অভিযান পরিচালনাকালে দুদক টিম প্রমাণ পায় যে, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহকারী আ. জাহেদ দালাল হিসেবে একজন পাসপোর্ট প্রত্যাশীর কাছ থেকে ১৫শ টাকা অতিরিক্ত গ্রহণ করেন। এরপর দুদক টিম তাকে আটক করে এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট দপ্তর থেকে বিভাগীয় প্রক্রিয়া চালু করা হয়েছে।
এদিকে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্বামীবাগ শাখায় অভিযান পরিচালনা করে দুদক টিম নানাবিধ অনিয়মের প্রমাণ পেয়েছে। টিম সকল তথ্য যাচাই এবং দৈবচয়ন পদ্ধতিতে পর্যালোচনা করে দেখতে পায়, এক বছরের অধিক অনেকগুলো আবেদনও অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। টিম আবেদনের কপি চাইলে এনওসিএস কর্তৃপক্ষ তা প্রদর্শন করতে ব্যর্থ হয়। দুদক টিম নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিনের নিকট অবিলম্বে প্রার্থীদের সমস্যাসমূহ নিরসন এবং রেজিস্টার সংশোধনের সুপারিশ করে।