হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে সুখচর ইউনিয়ন প্লাবিত
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৩
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই সমুদ্র উত্তাল থাকায় গতকাল বুধবার সকালে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে হঠাত্ প্রবল জোয়ারের পানিতে সুখচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ১৪ পরিবারের বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে আতংকিত হয়ে পড়েছে ওই এলাকার হাজার হাজার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত বেড়িবাঁধের নির্মাণ কাজ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাধার কারণে না হওয়ায় বর্ষার শুরুতে সুখচর ইউনিয়নের জোয়ারের পানি প্রবেশ করতে থাকে। মানুষের দুর্ভোগ দেখে পরবর্তী সময়ে হাতিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৩ লক্ষ টাকা এবং পানি উন্নয়ন বোর্ডের বিশেষ বরাদ্দ ৯ লক্ষ টাকা অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রদান করা হয়। বর্ষার সময়ে যেনতেনভাবে বাঁধ নির্মাণ কাজ শুরু হলে জোয়ারে বিস্তীর্ণ বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানিতে সুখচর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ফলে প্রায় কয়েক হাজার লোক পানি বন্দি হয়ে পড়ে। পানি বন্দি লোকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ মে:টন চাল ও শুকনো খাবারের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।