কাউখালী-শর্ষিনা-গড়িয়ারপাড় সড়ক
সংস্কার দাবিতে মানববন্ধন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৬
পিরোজপুরের কাউখালী-শর্ষিনা-গড়িয়ারপাড় সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার সকালে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্যোগে এলাকাবাসী সড়কের ওপর মানববন্ধন করে। কাউখালী আশ্রম বাড়ি হতে আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক জুড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। জানা যায়, কাউখালী-শর্ষিনা-গড়িয়ারপাড় ২৭ কিলোমিটার সড়কে বর্ষা মৌসুমের শুরুতে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন ও মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাউখালী আশ্রম বাড়ি হতে আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে আন্তঃজেলা ও আন্তঃউপজেলাসহ বরিশাল-খুলনাঞ্চলের যানবাহন চলাচল করে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন। মানববন্ধন শেষে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাউখালী অটোরিকশা ও অটোটেম্পুর মালিক সমিতির সহ-সভাপতি মো. সায়েম উদ্দিন, আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, মো. উজ্জ্বল, আব্দুস শহীদ, শাহ ইমরান ফারুক, আব্দুল মান্নান প্রমুখ। বক্তারা সভায় জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের দাবি জানান। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু জানান, সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর আমলে সড়কটি নির্মিত হলেও এ পর্যন্ত সড়ক মেরামত কিংবা সংস্কার কোন কাজ হয়নি।