কাজিবাচা নদীতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৭
উপজেলার কাজীবাচা নদীতে খেয়া থেকে পড়ে নিখোঁজ যাত্রীদের মধ্যে ৫ জনের লাশ গতকাল বুধবার পুলিশ উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন অজ্ঞাতনামা বৃদ্ধ (৬২)। সনাক্তকৃত লাশের মধ্যে রয়েছেন বিরাট গ্রামের মৃত আলী বক্সের পুত্র সবুর ফকির (৫৫), তালবুনিয়া গ্রামের আহম্মদ আলীর পুত্র নুরু শেখ (৬০), হেলা বটতলার স্কুলছাত্র নুর হোসেনের পুত্র সাব্বির হোসেন (১১), ফুলবাড়ী গ্রামের আব্দুল গণি মৌলভীর পুত্র মাহবুবুর রহমান মাহাতাব (৩৮)। তবে নিখোঁজ ঠিকাদার বিরাট গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র কেফায়েত আলীর (৪৮) লাশ এখনও খুঁজে পাওয়া যায়নি। এসব লাশ কাজিবাচা নদীর বিভিন্ন মোহনা থেকে উদ্ধার করা হয়। পরে অভিভাবকরা লাশের পরিচয় দিয়ে বাড়িতে নিয়ে দাফন করেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ খুলনা আঞ্জুমানে মুফিদুল ইসলাম প্রতিষ্ঠানে হস্তান্তর করা হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের সংবাদ পেয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ ঘটনাস্থলে আসেন। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমা, ওসি এনামুল হক, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক অধ্যাপক নিমাই রায়, জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।