ছাগলনাইয়ায় যুবতীর অপমৃত্যু
বাবা-মা ও ভাবীসহ আটক ৩
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২১:৪৯
ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়ায় গত সোমবার সকালে হাজী জাকির আহাম্মদের স্বামী-পরিত্যক্তা কন্যা ফরিদা ইয়াছমিন সীমার (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ নিহত সীমার মা, বাবা ও ভাবীকে আটক করেছে। জানা যায়, ফুলগাজীর ফেনা পুস্করিনী গ্রামের জনৈক সাইফুলের সঙ্গে সীমার বিয়ের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। এই সংশ্লিষ্ট টাকা ও স্বর্ণালংকারসহ নানা বিষয়ে কয়েকদিন যাবত্ সীমার সাথে পরিবারের অন্যদের কলহ চলছিল।
পুলিশ সোমবার সকাল ৮টায় ঘরের সিলিং থেকে সীমার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। ময়না তদন্তে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় হত্যা সন্দেহে পুলিশ সীমার বাবা হাজী জাকির আহাম্মদ, মা লায়লা আক্তার ও ভাবী রুনা লায়লাকে আটক করেছে। ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, মনে হচ্ছে এটি আত্মহত্যা নয়, হত্যা। সীমার পরিবারের দাবি- তাকে কেউ হত্যা করেনি, সে আত্মহত্যা করেছে।