ময়মনসিংহে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহে জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রাসেল হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলায় আরো অজ্ঞাতপরিচয় আট-দশ জনকে আসামি করা হয়। গত মঙ্গলবার রাতে রাসেলের বাবা জালাল উদ্দিন এ মামলা করেন। গত সোমবার রাত ২টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোডের ডিফেন্স পার্টি কার্যালয়ে রাসেলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মামলায় আসামিরা হলেন- শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ (৩২), শহরের সানকিপাড়া এলাকার রানা (২৭), কালীবাড়ি কবরখানা এলাকার ডেভিড রনি (৩৫) ও সদর উপজেলার চরগোবিন্দপুরের বাদল (৩২)। মামলার বিবরণে জানা যায়, আরিফের সঙ্গে রাসেলের রাজনৈতিক কারণে দ্বন্দ্ব চলছিল দীর্ঘদিন ধরে। সেসব ঘটনাতেই রাসেলকে হত্যা করা হয়েছে।