ভাঙ্গুড়ায় সওজের ১৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম

উপজেলা বাসস্ট্যান্ড হতে রেলগেট অভিমুখে রাস্তা পুনঃনির্মাণ কাজে পাবনা সড়ক ও জনপথ বিভাগ ব্যাপক অনিয়ম করায় তিন মাসের মধ্যে সড়কটি ভাঙনের শিকার হয়েছে। এর আগে কাজ শেষ হতে না হতে ফাটল দেখা দেয়ায় ২ বার মেরামত করা হয়। তাও শেষ রক্ষা হয়নি তৃতীয়বার মেরামত কাজের কয়েকদিন পর ধস শুরু হয়। ফলে এ পথে যানবাহন চলাচল হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেন, পুনঃনির্মাণের সময় সড়কের সম্প্রসারণ অংশে ৬ ফুট টপ ও ২৫ ফুট উচ্চতায় মাটির কাজে ব্যাপক অনিয়ম করা হয়। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি প্রকৌশলী কাজটি সিডিউল মোতাবেক বুঝে না নেয়ায় ঠিকাদার নির্মাণ কাজে ফাঁকি দেয়। ফলে সড়ক টেকসই হয়নি। উল্লেখ্য, এ বছর মে মাসেই উক্ত প্রকল্পের কাজ শেষ করা হয়। পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন বলেন, ভেড়ামারা হতে ভাঙ্গুড়া (ভায়া বাসস্ট্যান্ড) রেলগেট পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় তিনি পুনঃনির্মাণের উদ্যোগ নেন। গত অর্থবছরেই প্রায় ১৪ কোটি টাকার টেন্ডারে কাজ শুরু হয়। কাজ পায় দ্রুব কনস্ট্রাকশন। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত ঠিক করা না হলে দায়ীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণের কথা জানান। সওজের নির্বাহী প্রকৌশলী সাহেদ বলেন, মেয়াদ থাকায় এটা দ্রুত ঠিক করতে তিনি ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।