সিংগাইরে বসত বাড়িতে হামলা ও ভাংচুর

উপজেলার জয়মন্টপ ইউনিয়ন চর নয়াডাঙ্গী গ্রামে গত মঙ্গলবার ভোরে একটি বসতবাড়িতে লুটপাট, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে ৪ ব্যক্তি আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১৭ জনকে সুনির্দিষ্ট ও অজ্ঞাত ১৪/১৫জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গরু চরানোকে কেন্দ্র করে চর নয়াডাঙ্গী গ্রামের আফজাল কাজী ও আনোয়ার শেখের বিরোধের জের ধরে ভোর ৬টার দিকে আফজাল কাজীর পক্ষের ৩০/৪০ জন অস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার শেখের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া হয় গৃহকর্তার পুত্র সাইফুলের ঘর থেকে ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ টাকা। মারপিটে আহত হয় আনোয়ার শেখের বড়ভাই মোহাম্মদ আলী (৬৫), ভাতিজা শফিকুল ইসলাম (২৮), নাতি মিষ্টার (১৮) ও লুত্ফর রহমান (১৬)। আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় আনোয়ার শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।