স্থায়ী পে-কমিশন গঠনের পরিকল্পনা করেছে সরকার :প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২২:১১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি করতে সুপারিশ করতে একটি স্থায়ী পে-কমিশন গঠন করার পরিকল্পনা করেছে।
শেখ হাসিনা বলেন, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে পে-কমিশন পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে এবং তাদের বেতন কখন বাড়বে এজন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তিনি বলেন, আমরা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য একটি স্থায়ী পে-কমিশন গঠন করার পরিকল্পনা করেছি।
প্রধানমন্ত্রী বুধবার বিকালে বঙ্গবাজারের নিকটে সদ্য নির্মিত ১৫০ আসনের সরকারি কর্মচারী হাসপাতালের উদ্বোধনকালে একথা বলেন। শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে তার সরকার খুবই আন্তরিক। তিনি বলেন, আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবসরে যাবার বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করেছি। মুক্তিযোদ্ধা সরকারি কর্মচারীদের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে।