কদমতলীতে দুটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর কদমতলীতে দুইটি চোরাই সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো আলতাফ হোসেন, নূরুর ইসলাম। সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার সিরাজ আমীন জানান, কদমতলীতে একটি সিএনজি চালিত অটোরিকশা চোর চক্র রাজধানীর বিভিন্নস্থান থেকে অটোরিকশা চুরি করে। পরে এই চক্রটি চুরি হওয়া অটোরিকশা মালিকের সঙ্গে যোগাযোগ করে ফেরত দেয়া বাবদ ১ থেকে দেড় লাখ টাকা দাবি করে। তারা দাবি অনুযায়ী টাকা না পেলে সিএনজি অটোরিকশাটি রাজধানীর বাইরে অন্য অটোরিকশা চোর চক্রের কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি তদন্ত করার পর বুধবার সকালে কদমতলীর রায়েরবাগ বাসস্ট্যান্ডের বাবু প্লাজার সামনে অভিযান চালিয়ে আলতাফ ও নুরুর ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ি একটি গ্যারেজ থেকে চোরাই দুইটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।