ক্রুইফের সুরবদল

নেপালে এসে বাংলাদেশ ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ সুর বদলে ফেলেছেন। তিনি এখন বলছেন যে দলটি সাফের গত আসরে আট দেশের মধ্যে সপ্তম হয়েছে তাদের পক্ষে দুই বছরে চ্যাম্পিয়ন হওয়াটা আশা করা ঠিক না। ডাচ এই কোচকে আনা হয়েছিল সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ফাইনালে খেলার আশায়। সেই আশায় কাড়ি কাড়ি টাকা খরচ করে তাকে একাধিক সহকারী কোচসহ দায়িত্ব দেয়া হয়েছিল। ক্রুইফকে আনতে অর্থের যোগান দিতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের ‘ঘুম হারাম’ হয়ে গিয়েছিল। তার লক্ষ্য একটাই সাফ ফাইনাল খেলতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। ক্রুইফ যেভাবে চাইছেন সেভাবেই সহযোগিতা করেছেন বাফুফে সভাপতি। তারপরও দেশের ফুটবল অনুরাগীদের কোনো আশার বাণী তো শোনাতেই পারেননি কোচ ক্রুইফ, তার উপর এখন নেপালে এসে বলছেন দেশের মানুষকে বাস্তবতা অনুযায়ী প্রত্যাশা করতে হবে। বাফুফে কর্তাদের অবশ্য এতেও কোনো প্রতিক্রিয়া নেই। কারণ বাফুফে সাফের আগে কোচ সম্পর্কে কোনো আগাম মন্তব্য করতে চাইছেন না।