অতি উত্সাহীরাই ভোটে অনিয়ম করে: সিইসি

অতি উত্সাহীরাই নির্বাচনে অনিয়ম করে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। অন্যায় করলে সে যেই হোক না কেন, নির্বাচনী আইন ও বিধি পরিপন্থি কোনো কাজ করলে তাকে বিচারের সম্মুখীন হতে হবে। বুধবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উদাহরণ হিসাবে সিইসি বলেন, যেমন গত নির্বাচনে এক হুজুর অনিয়মে জড়িয়ে পড়েছেন। এক মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি নিজেই ব্যালট পেপারে সিল মেরে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার চেষ্টা করেছেন। কাজেই প্রিজাইডিং কর্মকর্তারাই যদি এমন করেন, তবে কীভাবে হবে? অতীতে আস্থার জায়গা থেকেই অনিয়ম হয়েছে। তাই এ বিষয়ে সজাগ থেকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে।

সিইসি বলেন, কে কত নিরপেক্ষ তা যাচাইয়ের ক্ষমতা আমাদের নেই। তবে নিরপেক্ষ থাকতে হবে এটাই হচ্ছে বিষয়। ২৪ ঘণ্টা আপনাদের সজাগ থাকতে হবে। এমনকি ঈদের মধ্যেও সচেতন থাকতে হবে। এ সময়ও যদি প্রার্থীদের কোনো অভিযোগ আসে, তবে আমলে নিতে হবে। নির্বাচনী আচরণ প্রতিপালন নিশ্চিত করতে সর্বোচ্চ আইন প্রয়োগে অটল থাকতে হবে।

সিইসি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নির্বাচন কমিশনের বড় স্বপ্ন। ইভিএম ব্যবহারে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাকরি। তবে এজন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের আরও দক্ষতা অর্জন করতে হবে।

তফসিল অনুযায়ী, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম অর্থাত্ শেষ ধাপের ভোটের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে।