সিগারেটে কর বাড়িয়ে ধূমপায়ীদের নিবৃত্ত করা যাবে না

‘হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি সরকারের প্রতি দাবি জানানো হয়েছে কম দামি সিগারেটে কর বাড়াতে। জনস্বাস্থ্য রক্ষায় এমন দাবির কোনো যুক্তি থাকতে পারে না। যেহেতু ‘ধূমপানের কারণে অকালমৃত্যু’ পর্যন্ত হবার আশঙ্কা রয়েছে, সেহেতু ধূমপান নিষিদ্ধ করাই জনস্বাস্থ্য রক্ষার একমাত্র উপায়। কেননা বর্তমানে পাবলিক প্লেসে ধূমপানের কারণে ১০০ টাকা জরিমানার যে বিধান রয়েছে তাতে ধূমপায়ীরা আরো বেপরোয়াই হয়ে গেছে। অর্থাত্ তারা বীরের মতোই পাবলিক প্লেসে ধূমপান করছে, পুলিশি ঝামেলায় প্রয়োজনে ১০০ টাকায় ল্যাটা চুকানোর ‘সাহস’ নিয়ে। তেমনি কর বাড়ালে ধূমপায়ীরা হাত গোটাবে না, বরং ধূমপানের সময় আগের চেয়ে বেশি জৌলুস প্রদর্শনের মাধ্যমে অধূমপায়ীদের পরোক্ষ ধূমপানে বাধ্য করবে। বলাবাহুল্য, প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় ধূমপায়ীই সমানভাবে ক্ষতিগ্রস্ত। তাই আসুন, জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় ধূমপান নিষিদ্ধের জন্য সরকারকে সবিনয়ে অনুরোধ করি। মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ, বারইয়ারহাট, মিরসরাই, চট্টগ্রাম-৪৩২৬