নারায়ণগঞ্জে ফুজি নিটওয়্যার খুলে দিতে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জে রপ্তানিমুখী গার্মেন্ট কারখানা ফুজি নিটওয়্যার খুলে দেয়ার দাবিতে বুধবারও বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এসময় তারা কঠোর আন্দোলনের হুমকি দেয়। গতকাল দুপুরে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার শহরের চাষাঢ়ায় অবস্থিত ফুজি নিটওয়্যার কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কারখানাতে প্রায় ৮শ শ্রমিক কাজ করে। সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অঞ্জন দাস, শ্রমিক নেতা মিনহাজুল হক নাহিদ, জাহিদ হাসান সুজন, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রফিকুল বাপ্পি প্রমুখ। অভিযোগে জানা যায়, কারখানার মালিক পক্ষ ২০০৬ সালের শ্রম আইনের ২০ ধারায় কারখানায় প্রয়োজনের অতিরিক্ত শ্রমিক দেখিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করেন। কিন্তু মালিকপক্ষ অন্য গার্মেন্টস থেকে মাল উত্পাদন করে আনছে। গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যারে ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের লেবার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জিএম ফারুক জানান, ফুজি নিটওয়্যারে গত কয়েক মাস ধরেই কোন কাজ নেই। তবুও শ্রমিকদের বেতন দেয়া হচ্ছিল। শেষতক মঙ্গলবার গার্মেন্ট বন্ধ ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে বিকেএমইএ আলোচনা করে সিদ্ধান্ত নিবে।