নড়াইলে সুলতান উত্সব আজ শুরু
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২২:৫৯
বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে নড়াইলে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। এ উপলক্ষে এসএম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাংলাদেশ রোয়িং ফেডারেশনের উদ্যোগে এবং বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক-এর পৃষ্ঠপোষকতায় আজ দুপুরে চিত্রা নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল জলিল। এদিকে এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ৩ দিনব্যাপী সুলতান উত্সব। উত্সবের আয়োজনে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পরিচালক মুন্সী আসাদুর রহমান জানান, সুলতান উত্সবের আর্টক্যাম্পে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানের ২০জন চিত্রশিল্পী অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালে নড়াইলের চিত্রাপাড়ের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।