কুষ্টিয়ায় ট্রেনে পাথর ছুঁড়ে মারায় চালক আহত চারজন গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা এক্সপ্রেস ট্রেনে গতকাল বুধবার কয়েকজন যুবকের ছুঁড়ে মারা পাথরে চালক মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। চালক শাহাদত হোসেনকে (৫৫) স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়। এ ঘটনায় স্থানীয় চার যুবককে পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ফুল বগাদি গ্রামের রমজান আলীর ছেলে হোসাইন কবীর (১৯), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চর দামুকদিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে নাজমুল রহমান (১৯), পাবনা জেলার ঈশ্বরদী থানার রূপপুর গ্রামের আমিনুল হকের ছেলে নাইম হক প্লাবন (১৮) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পাতাচুড়া গ্রামের ওসমান গনির ছেলে আলী হোসেন (২৩)। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জানান, দুপুর দুইটার দিকে খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি হালসা স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চালককে লক্ষ্য করে কয়েকজন যুবক পাথর ছুঁড়ে মারলে ট্রেন চালকের মাথায় লাগে। এতে তার মাথা ফেটে যায়।