তত্ত্বাবধায়ক সরকার এক ঘণ্টার জন্যও নয় :আইন প্রতিমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার এখন ডেড ইস্যু। তত্ত্বাবধায়কের মত অনির্বাচিত সরকার এদেশে এক ঘণ্টার জন্যও আর আসবে না। গতকাল বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে। আর সেই আলোচনার উপযুক্ত স্থান সংসদ। সেখানে অন্তবর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের ক্ষমতা নিয়ে আলোচনা হবে। আইন প্রতিমন্ত্রী বলেন, নামসর্বস্ব কিছু দল ড. ইউনূসকে দরবেশ মেনে তার কাছ থেকে ছবক (পরামর্শ) নেয়। তিনি ষড়যন্ত্রের কুশীলবমাত্র। ১/১১ এর সময়ও তিনি সরব হয়েছিলেন। এখন আবার হচ্ছেন। তার এ ষড়যন্ত্রের ফাঁদে দেশের জনগণ পা দেবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন এলে কিছু অরাজনৈতিক ব্যক্তির ?দৌড়ঝাঁপ শুরু হয়। হেকেমি দাওয়াখানা খুলে তারা পরামর্শ দিতে থাকেন। কিন্তু তাদের কোনো হেকেমি পরামর্শ কাজে আসবে না। আসলে এসব অরাজনৈতিক ব্যক্তি ও বুদ্ধিজীবী দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চান। হানিফ বলেন, তৃতীয় দফায় বিদেশ থেকে কোকোর পাচারকৃত অর্থ ফেরত আনা হয়েছে। এতে প্রমাণিত হয়েছে বিএনপি আমলে হাওয়া ভবনের মাধ্যমে সীমাহীন দুর্নীতি করা হয়। বিএনপি যেকোনো স্থানে আলোচনায় বসতে প্রস্তুত-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, আমরাও বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে। সরকারের সফলতা জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সফলতা সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামীতে আমরা নিশ্চিতভাবে ক্ষমতায় আসতে পারবো। সভার বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মতো দানব সরকারকে ফিরিয়ে আনা তারেক-কোকো, হারিছ চৌধুরীর মতো ফেরারি আসামিদের দেশে ফিরিয়ে আনা ছাড়া আর কিছু নয়। মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ, মহানগর সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম প্রমুখ।