রাজীব কুমারকে সরিয়ে দিল পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন

নির্বাচনী বিধি ভঙ্গ করায় পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য এবং ডিআইজি সিআইডি রাজীব কুমারকে সরিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। একইসঙ্গে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে বিভিন্ন গোলমাল, সংঘর্ষের কারণে সঙ্গে নির্বাচনী প্রচারের সময়ও একদিন কমিয়ে দিল। শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার রাতে প্রচারের সময় শেষ হবে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত ভারতের ইতিহাসে নজিরবিহীন। ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুসারে এটা করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব সঞ্জয় মিত্র স্বরাষ্ট্র সচিবেরও দায়িত্ব পালন করবেন। রাজীব কুমারকে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এটা নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নির্দেশে করা হয়েছে। বুধবার সকালে অমিত শাহ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছেন। তারপরই এ সিদ্ধান্ত। মমতার অভিযোগ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির প্রচার শেষ হচ্ছে। তারপরই প্রচারের সময় শেষ করে দেওয়া হলো।

প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনের এ সিদ্ধান্ত।