দুদককে দিয়ে সরকার কোকো নাটক সাজিয়েছে :ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মামলা নিয়ে সরকার দুদককে দিয়ে নাটক সাজিয়েছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে যে আন্দোলন চলছে তা ভিন্নদিকে সরানোর জন্যই সরকার এমনটি করছে।’ গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সাবেক মন্ত্রী ও সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নিতাই চন্দ্র রায়, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ। মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর অনুপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয়া হয়নি। কোকোর বিরুদ্ধে এই মামলা বানোয়াট এবং ভিত্তিহীন। সরকার তারেক রহমানের বিরুদ্ধেও একই কাজ করেছে। তিনি বলেন, কয়েকদিন আগে হোটেল রূপসী বাংলায় দুদকের এক সাংবাদিক সম্মেলনে এটর্নি জেনারেল মাহবুবে আলম সরকারের তরফ থেকে দুদককে একটি প্রতীকী চেক হস্তান্তরের নাটক করেন। এই ধরনের চেক ক্রিকেট খেলায় আমরা সচরাচর দেখি। তিনি অভিযোগ করেন, পত্রিকায় বেরিয়েছে পদ্মা সেতুসহ বিভিন্ন দুর্নীতি মামলায় সরকারের মন্ত্রী ও এমপির জড়িত থাকার খবর। কিন্তু দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।