ইরাকের দূতাবাস এবং কনস্যুলেট থেকে জরুরি নয় এমন কিছু কর্মকর্তাকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় তাদের দেশে ফিরিয়ে আসার নির্দেশ দিয়েছে। বাগদাদের দূতাবাস এবং ইবরিলের কনস্যুলেট থেকে এসব কর্মীদের একটি বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত সরানো হচ্ছে। ইরাকের প্রতিবেশি রাষ্ট্র ইরানের সঙ্গে উত্তেজনার জের ধরে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আইএসবিরোধী যুদ্ধে আন্তর্জাতিক জোটের ডেপুটি কমান্ডার এবং ব্রিটিশ জেনারেল ক্রিস ঘিকা বলছেন, কোনো ধরনের হুমকি নেই। আমরা বর্তমানের পদক্ষেপে সন্তুষ্ট। আমরা ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত বাহিনী সম্পর্কে সচেতন। তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান জানান, যুক্তরাষ্ট্র এবং মিত্রদের গোয়েন্দা তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত বাহিনীর কারণে হুমকির মাত্রা বেড়েছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, তারা ইরাকে তাদের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ স্থগিত করেছে। -বিবিসি