শিক্ষকের অপেক্ষায় স্কুলের বারান্দায় ক্ষুদে শিক্ষার্থীরা

সকাল ৯টা ৫৫ মিনিট। স্কুলের বারান্দায় বসে আছে ক্ষুদে শিক্ষার্থীরা, খেলা করছে। জিজ্ঞেস করতেই জানা গেল আজ তাদের পরীক্ষা। কিন্তু সময় পার হয়ে গেলেও স্কুলের শিক্ষক বা পিয়ন কেউ আসেননি তাই বারান্দায় বসে আছে। অবশেষে নির্দিষ্ট সময়ের ৪৫ মিনিট পর পৌনে ১১টার দিকে তাদের পরীক্ষা শুরু হয়। ঠাকুরগাঁও সদর উপজেলার ফাঁড়াবাড়ি বাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরুর আগে প্রায় প্রতিদিনের চিত্র এটি। বিদ্যালয়ের শিক্ষকদের এমন কর্মকাণ্ডে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভের অন্ত নেই। তাদের অভিযোগ একদিন নয়; প্রায় সারাবছরই ঘটছে এমন ঘটনা। পরীক্ষার সময় তাই চোখে পড়েছে সবার। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষকরা খেয়াল খুশি মতো বিদ্যালয়ে আসেন। খুব কম দিনই তারা সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হন। ফলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ম মতো ক্লাস করতে এসে বসে থাকতে হয় বারান্দায়। ৩য় শ্রেণির শিক্ষার্থী ইমন বলে, ম্যাডামরা সঠিক সময়ে স্কুলে আসেন না। ভাল করে ক্লাসও নেন না। ৫ম শ্রেণির শিক্ষার্থী পূজা জানায়, ‘অন্য স্কুলে পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে খাতা দেয়। কিন্তু এখানে পরীক্ষা শুরুর সময় পার হলেও এখনও স্কুল খুলেনি। এতে আমাদের পরীক্ষা দেয়ার উদ্যমতা হারিয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৌহিদ আরা বেগম জানান, অসুস্থতার কারণে আমি ছুটিতে রয়েছি। তবে নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম চলছে।