শেখ রাসেল জাতীয় শিশু পার্ক নির্মাণে অনিশ্চয়তা
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৩, ২১:২১
আন্তঃমন্ত্রণালয় জটিলতার কবলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত শহীদ শেখ রাসেল জাতীয় শিশু পার্ক নির্মাণ প্রকল্পটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের সৃষ্ট আমলাতান্ত্রিক জটিলতায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ নাকাল হয়ে পড়েছে। অবশেষে গত মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্যোগে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি হলেও অদ্যাবধি তাতে পানি উন্নয়ন বিভাগে নির্বাহী প্রকৌশলী (বিআরই) স্বাক্ষর করেনি। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিরাজগঞ্জ পৌরসভাকে অদ্যাবধি কোন টাকা বরাদ্দ না দেয়ায় এই পার্কের নির্মাণ কাজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
প্রধানমন্ত্রী শেথ হাসিনা ১৯৯৯ সালের ৩০ নভেম্বর শহরের ধানবান্ধী ও গয়লা মৌজার প্রায় ৭.৩৩ একর ভূমিতে নিজ হাতে শহর রক্ষা বাঁধে উক্ত পার্ক নির্মাণ কাজ শুরু করলেও ১৪ বছর পর এর নির্মাণ কাজ শেষ হয়নি। এছাড়াও তিনি গত বছরের ৯ এপ্রিল সিরাজগঞ্জ শহরের বিএ কলেজ মাঠের বিশাল জনসভায় এটিকে আন্তর্জাতিক মানের শিশু পার্ক হিসেবে গড়ে তোলারও ঘোষণা দেন। ১৯৯৯ সালের ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শিশু পার্ক নির্মাণ কাজের উদ্বোধনের ভিত্তি প্রস্তর স্থাপনের নামফলক এখনো বিধ্বস্ত অবস্থায় বিদ্যমান রয়েছে।
সিরাজগঞ্জ শহীদ শেখ রাসেল শিশু পার্ক নির্মাণে কেপিআই সংস্ক্রান্ত জটিলতা নিরসনে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গত ২৬ ডিসেম্বর সিরাজগঞ্জ শহর বাঁধের শহীদ শেখ রাসেল পার্কটি সরেজমিন পরির্দশন করেন। উল্লেখিত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে রাজশাহী বিভাগের পুলিশের ডিআইজি নিবারুন চন্দ্র মাঝি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর তদন্ত কমিটির নেতৃত্ব দেন।
প্রায় ১ বছর অতিবাহিত হলেও প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অদ্যাবধি এই কেপিআইডিসি ছাড়পত্র না দিয়ে পার্কটি নির্মাণে অচলাবস্থার সৃষ্টি করেছে। তাদের গাফিলতির কারণে এ প্রকল্পের কাজ এখনো শুরু করা যাচ্ছে না বলে জানা গেছে।