বর্ষা মৌসুমেও ইছামতি ও যমুনা নদীতে মাছ নেই

এককালের মত্স্যভাণ্ডার খ্যাত কাজীপুরে ইছামতি ও যমুনা নদী অনেকটাই মাছশূন্য হয়ে পড়েছে। এক সময় সারা বছরই নদীতে পানি থাকতো। সে সময় বিভিন্ন প্রজাতির মাছের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল এ নদী দু’টিতে। তখন বর্ষা মৌসুমে ব্যাপক মাছ ধরা পড়তো জালে। বর্ষা মৌসুম ছাড়া অন্যান্য সময়ও প্রচুর মাছ পাওয়া যেত এই দুটি নদী থেকে। আর নদী থেকে মাছ ধরেই জীবিকানির্বাহ করতো এখানকার শত শত জেলে পরিবার। কিন্তু বর্তমানে বর্ষাকালেও যমুনা ও ইছামতি নদী থেকে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না। জেলে স্বপন, প্রবাদ, গোপাল, উজ্জল জানান, ইছামতি নদীতে বর্ষাকালে পানি থাকলেও বছরের অন্যান্য সময় পানি থাকে না। যমুনা নদীতে পানি থাকলেও মাছ পাওয়া যায় না। এবার বর্ষা মৌসুমে যমুনা ও ইছামতি নদীতে মাছের দেখা মিলছে না। এখন নদীতে সারাদিন জাল ফেলে যে সামান্য মাছ পাওয়া যায় তা দিয়ে চাহিদা পূরণ হচ্ছে না। অপরদিকে সংসার চলে না জেলেদের। বর্তমানে অবস্থা এমন যে, নদী আছে কিন্তু মাছ নেই। উপজেলা মত্স্য কর্মকর্তা শারমিন আক্তার বলেন, নদীর নাব্যতা কমে গেছে, মাছের কোন অভয়াশ্রম নেই। তার উপর কারেন্ট জাল দিয়ে ডিমওয়ালা মাছ ধরার কারণে দিন দিন নদীতে মাছ কমে যাচ্ছে।